শৈলী

আবার বরষা এলো

আবার বরষা এলো
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আবার আকাশে জলপরীর আনাগোনা,

মেলেছে তারা আবার জলদ ডানা;

মেঘের রাজ্যে জারি হয়ে গেছে ডিক্রি∑

এই তো বৃষ্টি নামছে, নামবে শিঘ্রি!

শুরু হয়ে গেছে রাখালের ছোটাছুটি,

মেঘেদের সাথে ছেলেদের লুটোপুটি;

যুবারা হাওয়ায় ভাসিয়ে দিয়েছে চুল,

সিক্ত আদরে দুলছে কদম ফুল।

মাঝিমাল্লারা দূরূ-দুরূ ভয়ে আছে∑

উঠেছে ফুলে দরিয়ার কালো ঢেউ;

ত্বরা করে সব কিনারার হাল খুঁজছে,

ভয় পেয়ে বুঝি খোদারে ডাকছে কেউ।

ওরে ও মাঝি, মিছে ভয় কেন পাও?

মেঘেরা তোমার উড়িয়ে দিয়েছে পাল!

এইবার জোরে ছুটবে তোমার নাও,

বৈঠাতে শুধু ধরে রাখ তুমি হাল।

জলফোটা এসে চোখের পাতায় জমছে,

লাজুক বধুর অধর চূড়াতে কাঁপছে;

পরান মাঝি হাত ধরে তারে টানছে,

বৃষ্টির কাছে ভয়লাজ হার মানছে।

বসে গেছে মেলা ঘূর্ণি হাওয়ার কোলে,

জমে থাকা যতো খড়কুটো, লতাপাতা;

জেগেছে সবাই নিয়মের কাজ ভুলে,

ভেঙ্গেছে সবার অন্যমনস্কতা।

সবাই বাহিরে গেহনীড় ছেড়ে আজ∑

আসুক বৃষ্টি, পড়ুক হাজার বাজ;

সবাই আজকে বৃষ্টিপাগল প্রাণ,

সবার হৃদয়ে মেঘেদের ভেজা ঘ্রাণ।

খোলো, খোলো, খোলো- যত রুদ্ধ দুয়ার খোলো;

দেখ চেয়ে ঐ কাজল নয়নে আবার বরষা এলো।

-অনিন্দ্য শরীফ

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login