পালাবার পথ নেই
মনে রেখ, তুমি যেখানেই ফেলছ পা─
গোপন অলিন্দে, আড়াল অলিতে-গলিতে;
দেখ কিংবা না দেখ,
সেখানেই উড়াচ্ছ তোমার ধুলি,
সেখানেই রয়ে যাচ্ছে তোমার সাবলীল ছাপ!
যতই নিরাপদ ভেবে স্বকীয় গোপনে
চালিয়ে যাচ্ছ হাতের দশটি আঙ্গুল,
সমস্ত আঙ্গুলের ডগায় ডগায়
তুমি রেখে যাও তোমার ঠিকানা,
এঁকে যাচ্ছ তোমার পথের মানচিত্র।
মনে রেখ, সেই ছাপ ধরে ধরে
তোমার পিছু ছুটছে তোমারই ওড়ানো ধুলি─
সূর্যাস্তের ঘরমুখো ধেনুর পালের মতোন।
পালাবার সকল পথ আপন হাতে রুদ্ধ করে
রুদ্ধশ্বাস ছুটে ছুটে সুরক্ষিত নিরাপদ জ্ঞানে
তুমি ঢুকে পড়েছ বেহুলার বাসর ঘরে।
তোমার পালাবার কোনো পথ নেই,
তুমিই তোমার বিচারে হবে রাজসাক্ষী।
একই অগোচরে লিখে দিয়েছ তোমার
স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেই তখনই।
তোমার পালাবার কোনো পথ খোলা নেই,
জেনে রাখ, কোনো নিস্তার নেই।
সেই ধুলি চড়ে, গুণে গুণে সেই সন্তর্পণ ছাপ;
তোমার ঠিকানায় পৌঁছে যাবে একদিন
ছড়ানো-ছিটানো তোমার যত আদ্যন্ত পাপ।
- অনিন্দ্য শরীফ






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














You must be logged in to post a comment Login