আবার বরষা এলো
আবার আকাশে জলপরীর আনাগোনা,
মেলেছে তারা আবার জলদ ডানা;
মেঘের রাজ্যে জারি হয়ে গেছে ডিক্রি∑
এই তো বৃষ্টি নামছে, নামবে শিঘ্রি!
শুরু হয়ে গেছে রাখালের ছোটাছুটি,
মেঘেদের সাথে ছেলেদের লুটোপুটি;
যুবারা হাওয়ায় ভাসিয়ে দিয়েছে চুল,
সিক্ত আদরে দুলছে কদম ফুল।
মাঝিমাল্লারা দূরূ-দুরূ ভয়ে আছে∑
উঠেছে ফুলে দরিয়ার কালো ঢেউ;
ত্বরা করে সব কিনারার হাল খুঁজছে,
ভয় পেয়ে বুঝি খোদারে ডাকছে কেউ।
ওরে ও মাঝি, মিছে ভয় কেন পাও?
মেঘেরা তোমার উড়িয়ে দিয়েছে পাল!
এইবার জোরে ছুটবে তোমার নাও,
বৈঠাতে শুধু ধরে রাখ তুমি হাল।
জলফোটা এসে চোখের পাতায় জমছে,
লাজুক বধুর অধর চূড়াতে কাঁপছে;
পরান মাঝি হাত ধরে তারে টানছে,
বৃষ্টির কাছে ভয়লাজ হার মানছে।
বসে গেছে মেলা ঘূর্ণি হাওয়ার কোলে,
জমে থাকা যতো খড়কুটো, লতাপাতা;
জেগেছে সবাই নিয়মের কাজ ভুলে,
ভেঙ্গেছে সবার অন্যমনস্কতা।
সবাই বাহিরে গেহনীড় ছেড়ে আজ∑
আসুক বৃষ্টি, পড়ুক হাজার বাজ;
সবাই আজকে বৃষ্টিপাগল প্রাণ,
সবার হৃদয়ে মেঘেদের ভেজা ঘ্রাণ।
খোলো, খোলো, খোলো- যত রুদ্ধ দুয়ার খোলো;
দেখ চেয়ে ঐ কাজল নয়নে আবার বরষা এলো।
-অনিন্দ্য শরীফ






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














You must be logged in to post a comment Login