শহীদ মিনার এক প্রতিবন্ধকতা
শিশির আজম:
‘৫২-র পর থেকে
এই এক জ্বালাতন শুরু হয়েছে :
যে কোন উছিলায়
খালি পায়ে
দাঁড়িয়ে পড়ো শহীদ মিনারের পাদদেশে।
কেন?
ঢাকার প্রাণ বুড়িগঙ্গা অক্সিজেনের অভাবে হাসফাঁস করছে।
কেন?
বিশ্বব্যাংকের সুপারিশে পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজি বন্ধ ঘোষণা।
কেন?
ধর্মগ্রন্থের পাতার ভাঁজে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছিন্ন মস্তক।
কেন?
সারের মূল্যবৃদ্ধিতে চলন্ত ট্রেনের সামনে কুড়ি জন চাষীর আত্মাহুতি।
কেন?
রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন কর্তৃক নির্বিচারে ‘সন্ত্রাসী’ হত্যা।
কেন?
চট্টগ্রাম বন্দর মার্কিনিদের কাছে ইজারা দিতে সরকার উদগ্রীব।
কেন?
পাহাড়ের পাখিদের বুকে রাষ্ট্রীয় জাতীয়তার ভার।
কেন?
শাসক দলের ছাত্র সংগঠনের কর্মীদের দ্বারা আর্ট ইন্সটিট্যুটের শিক্ষার্থীর আঙুল কর্তন।
যা হোক এই ঝকমারি শেষ অব্দি সামলাতে হয় পুলিশকে।
আজ ঢাকা যে এমন ঝকঝকে আর রমনীয় শহর
কেন দুর্মুখরা বলবে যে এটা আসলে মাকাল ফল, দেখ এর পশ্চাদ্দেশ ছিলা, রক্তে-লোমে একাকার?
বুড়োদের কথা বাদ
যুবক-যুবতীরা আইচক্রিম পছন্দ করলে তা দোষের হবে কেন?
আজিমপুর গোরস্থানে শেয়াল ও সন্ন্যাসী
সাবধানী ভঙ্গিতে
নিজেদের করোটিতে রেখেছে পরস্পর সুঁচালো চোয়াল।
পুলিশের বড়কর্তা বেশ বেকায়দায় পড়ে গেলেন :
লোকজন সব কম্যুনিস্ট হয়ে গেছে!
আর দেশে নাস্তিকের সংখ্যা আচমকা বেড়ে গেল কেন?
কারো হাতে, কারো গলায় প্লাকার্ড বাঁধা :
‘সাম্রাজ্যবাদের দালালা দূর হও’
‘লাথি নয়, ভাত চাই’
‘আসুন থুতু ছুঁড়ি মৌলবাদের মুখে’
‘খেয়াল করুন, মঞ্চের পদক-বাবুদের পেছনটায় ফুটো’
‘আমি বাম-ডান বুঝিনে
আমি আমার ঘামের শোধ চাই’
দুপুরের রোদ সোজাসুজি গেথে রয়েছে মিনার চত্তরে
বৃদ্ধ ইউক্যালিপ্টাসের পাতাগুলো ঘামে এঁটে একদম নড়ছে না।
অভিজ্ঞ পুলিশ অফিসারটি ঊর্ধতন মহলে যোগাযোগ করেন —
কী ধারায় এদের এরেস্ট করা হবে?
তিনি দেখতে পান
বাদামওয়ালা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অব্দি
এই অরাজকতায় ঢুকে পড়েছে।
ঊর্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পাবার পর
অফিসারটি সব-বুঝেছির ভঙ্গিতে মাথা নাড়েন —
এরা যে দেশদ্রোহী
এতে আর সন্দেহ কি!






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














You must be logged in to post a comment Login